দেশের উত্তরাঞ্চলে বন্যায় সাধারণ মানুষের কষ্ট হয়ে‌ছে কিন্তু কেউ না খেয়ে থা‌কেনি

স‌চিবালয় প্র‌তি‌বেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যায় সাধারণ মানুষের কষ্ট হয়ে‌ছে কিন্তু কেউ না খেয়ে থা‌কেনি। সরকার বন্যার্থ মানুষের পা‌শে আ‌ছে। সবার সহযো‌গিতায় আমরা প‌রি‌স্থি‌তি মোকা‌বিলা করে‌ছি।

দে‌শের বন্যা প‌রি‌স্থি‌তি নি‌য়ে বৃহস্পতিবার দুপু‌রে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মায়া ব‌লেন, ‘গত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত জেলাগুলো সফর করে দেখেছি, বন্যাকবলিত এলাকার মানুষের অ‌নেক কষ্ট হয়েছে। কিন্তু কেউ না খেয়ে থাকেনি।’

বর্তমান প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে তি‌নি ব‌লেন, উত্তরাঞ্চলের বন্যার পানি নেমে যাচ্ছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়ি ফিরছে। কিন্তু পানি নেমে যাওয়ার সময় দেশের মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মাদারিপুর ও চাঁদপুর।’ এসব জেলার জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

মন্ত্রী ব‌লেন, ‘বন্যাকবলিত এলাকায় সবাই ত্রাণ পাওয়ার যোগ্য নয়। আমরা ক‌য়েক‌টি ক্যাটাগরি ঠিক ক‌রে ত্রাণ দিচ্ছি। তারম‌ধ্যে হতদরিদ্র, প্রতিবন্দ্বী ও নারী প্রধান পরিবার এবং ৬৫ বছর বয়সী পরিবারের কর্তাদের ত্রাণ দেওয়া হচ্ছে।’

তি‌নি বলেন, ‘শতভাগ মানুষ ত্রাণ পাওয়ার যোগ্যও নয়। এ তৎপরতায় শতভাগ মানুষকে খুশি করা সম্ভবও নয়।’

বিএনপির সমা‌লোচনা ক‌রে ত্রাণমন্ত্রী বলেন, ‘বন্যায় অসহায় মানুষদের সাহায্য করা নিয়ে বিএন‌পি অপপ্রচার চালা‌চ্ছে। ত্রাণ বিতরণ দূরে থাক, বিএনপি নেত্রী এখন বিদেশে পাড়ি জমিয়েছেন। আর তার মহাসচিব ঢাকায় বসে বড় বড় বু‌লি ছাড়‌ছেন।’

তি‌নি ব‌লেন, ‘বিএনপি জনগণের দুঃখ-কষ্ট নয় নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।’ ‌বিএন‌পি নেতা‌দের সামর্থ্য না থাকলে সরকা‌রের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকব‌লিত মানুষের পা‌শে দাঁড়া‌নোর আহ্বান জানান মায়া।

মন্ত্রী বলেন, ‘বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এলাকার বাঁধ সংস্কার, বীজ তলা ডুবে যাওয়া, খামারের মাছ ভেসে যাওয়া এবং পশু খাদ্য সংকটের কথা বলেছে। কিছু এলাকার বন্যাকবলিত এলাকার মানুষরা এনজিওর কাছ থেকে যে ঋণ নিয়েছ তার কিস্তি বন্ধ রাখার অনুরোধ করেছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিচ্ছি।’

৫ দিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে ত্রানমন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।