‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিশিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।