নিউমার্কেটের দোকান কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্স।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন ব্যবসায়ীরা।
হামলার শিকার অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে অপারেশনের রোগী নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে ব্যবসায়ীদের হামলার শিকার হয় অ্যাম্বুলেন্সটি।
আনোয়ার খান বলেন, আমি রোগী নিয়ে যাওয়ার সময় প্রথমে ছাত্ররা আটকায়। গাড়িতে রোগী দেখে তারা যেতে দেয়। কিন্তু মার্কেটের সামনে গেলেই অতর্কিত আমার গাড়িতে হামলা করে দোকানদাররা। আমাকেও আহত করে।
এ বিষয়ে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার (১৮ এপ্রিল) রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সংঘর্ষের কারণে ওই এলাকায় বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েন শত শত পথচারী। ফলে অন্য সড়কগুলোতেও দেখা দেয় তীব্র যানজট।


