নিজস্ব প্রতিবেদক : ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর।
একইসঙ্গে পবিত্র কাবা শরিফ নিয়ে কটূক্তি করায় শিপন দারের ফাঁসি দাবি জানায় সংগঠনের নেতারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ‘যারা ইসলাম ও পবিত্র কাবা শরিফের অবমাননা করে তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করুন। অন্যথায় সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ধর্ম অবমাননায় শিপন দার একা নয়, এর পেছনে দেশি-বিদেশি ইন্ধনদাতা রয়েছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এটা সরকারের জন্য শুভ হবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।


