নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ এর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম ম্যাজিস্ট্রেট মাজহারুল হক এ রিমান্ডের আদেশ দেন।
সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বিকাশ কুমার পাল।
তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার এ অভিনেত্রীকে রোববার দুপুরে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব। এরপর তাকে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রিমান্ড আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য র্যাব-১ এর কার্যালয়ে আনা হয়।
শনিবার বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।


