বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খানকে জুটি করে সিনেমার নির্মাণ করছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এর আগেই প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম গান ‘এলোমেলো’। আরও একটি গান প্রকাশ হল সিনেমাটির। সদ্য প্রকাশিত এই গানটির শিরোনাম ‘আঙুল ছুঁয়েছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা, কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন সিঁথি সাহা। কক্সবাজারের মনোরম লোকেশনে ‘আঙুল ছুয়েছে’ গানটির চিত্রায়ন হয়েছে। এর নৃত্য পরিচালনা করেছেন বাবা যাদব। যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া প্রমুখ। এরই মধ্যে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ অক্টোবর সারাদেশে ছবিটি মুক্তি পাবে।


