নতুন নির্মাণ ‘চুপ’ ইস্যু পুরনো

বিনোদন প্রতিবেদকঃ জীবন চলার পথে চারিদিকে শুধু নারীবাদী কথাই শোনা যায়। সেটা শুধু মুখে মুখে। কাজ পর্যন্ত আর গড়ায় না। চলার পথে প্রত্যেকটা নারীই কোনো না কোনো সমস্যা কিংবা প্রতিবন্ধকতার স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। ইভটিজিং যেন তারই অন্তরায়। কিশোর থেকে শুরু করে বুড়ো বয়সের নারীরাও প্রতিনিয়ত এ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইভটিজিং ইস্যুটা যেন খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সমােজে। গতানুগতিক এই ইস্যু নিয়ে নতুন ভাবনায় নির্মিত হয়েছে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘চুপ’। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা শ্রাবণী ফেরদৌস। এর মূল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। তার মায়ের চরিত্রে দেখা যাবে মিলি বাশার। এছাড়াও এতে অভিনয় করেছেন মুশফিক ও ফারহান।

নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘অনেকদিন ধরেই নাটক নির্মাণ করে আসছি। প্রতিনিয়তই চেষ্টা করি নতুন কিছু নিয়ে কাজ করার। এবার প্রথমবারের মত কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। নারীবাদী ইস্যু হচ্ছে এ গল্পের মূল কাহিনি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে এ নারী ইস্যুটাকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’

তাসনিয়া ফারিন বলেন, ‘এমন একটা নারীবাদী গল্পে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। আমি বলবো এ কাজটা অন্যান্য সব গল্পের চেয়ে গতানুগতিক ধারার বাইরের একটি কাজ। আমরা সাধারণত যে ফরমেটে কাজ করি এখানে তারচেয়ে ভিন্ন ও নতুন কিছু দেখানো হয়েছে।’

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ১১ অক্টোবর আইফ্লিক্সে প্রকাশ করা হবে।

এদিকে ফারিন বর্তমানে ব্যস্ত রয়েছেন বেশকিছু নাটকের কাজ নিয়ে। রাজধানীর উত্তরায় ‘যাও পাখি বলো’ শিরোনামের একটি নাটকের কাজ করছেন আজ। নাটকের বাইরে তাকে বেশি দেখা যায় বিজ্ঞাপনে। এরইমধ্যে তিনি শেষ করেছেন রবি, সেপটেক স্যাভলন, বোম্বে সুইটস সহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রের কাজ।