নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

শনিবার (২৬ ফেব্রয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.) মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) মো. আনিছুর রহমান।

এরআগে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, খুব শিগগিরই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

শেষ বৈঠকে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি।