নদী দখলমুক্ত করলে জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়বে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করে সচল রাখতে পারলে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়বে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক ও নৌ মন্ত্রণালয় আয়োজিত ‘আনলকিং দি ট্রান্সফরমেটিভ পাওয়ার অব দ্য ওয়াটারওয়েজ সেক্টর’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরি এস পারালকার, এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, বারবার এসব নদী দখলমুক্ত করা হলেও আবার সেগুলো দখল হয়ে যায়। ফলে নৌচলাচল বাধাগ্রস্ত হয়। আমাদের এ নৌপথ ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, আমরা দক্ষিণ এশিয়ায় নদীপথে সহজে মালামাল আনা-নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্বব্যাংক এতে আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে। এজন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাই।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সরকার ৬৫টি প্রধান নদীপথ চিহ্নিত করেছে মালামাল পরিবহনের জন্য। এর মধ্যে ১২টি নদীপথকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট স্টাডিজ রিসিপিয়েন্ট এক্সজুটেট ট্রাস্ট ফান্ড (আরইটিএফ) প্রকল্পের মাধ্যমে বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। ফলে নিরাপদ ও কার্যকর পণ্য ও যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে।

নৌমন্ত্রী জানান, চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌ করিডোর এবং আঞ্চলিক যোগাযোগ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ।

যুক্তরাষ্ট্র, চীন এবং নেদারল্যান্ডস তাদের নৌপথ ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছে, জানিয়ে বক্তারা বলেন, নৌপথে পণ্য আনা-নেওয়া সহজ। অর্থও কম খরচ হয় এবং পরিবেশবান্ধব। তাই বাংলাদেশে নদীপথের আরো উন্নয়নের তাগিদ দেন বক্তারা।

কর্মশালা থেকে বেরিয়ে শাজাহান খান সাংবাদিকদের বলেন, আমাদের ঢাকার নদীপথগুলোতে বর্ষা মৌসুমে যাত্রী চলাচল করলেও শুষ্ক মৌসুমে নদীর পানিতে দুর্গন্ধ থাকায় যাত্রী পাওয়া যায় না। এজন্য আমরা ঢাকার নদীপথ উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নিয়েছি।

তিনি আরো বলেন, আবহাওয়া এখন ভালো না। আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেন কোনো লঞ্চ ছাড়তে না পারে এবং ফিটনেসবিহীন কোনো লঞ্চ যেন চলাচল না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশনা দেওয়া হয়েছে।