নাটোরে বাঁশঝাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ নাটোরের সিংড়ায় একটি বাঁশঝাড় থেকে সুনীল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) দুপুর ১২টার দিতে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুনীল উপজেলার শুকাস ইউনিয়নের হাট মুরসন গ্রামের মৃত কুলিমের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকি জানান, সুনীল পেশায় কৃষক ছিলেন। বৃহস্পতিবার রাতে সুনীলের ঘরের জানালায় কে বা কারা ধাক্কা দেয়। এ অবস্থায় সুনীল ঘরের বাইরে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

এরপর আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এটি হত্যা কি না তা এখন বলা যাচ্ছে না। তবে মরদেহের ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।