নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যার দায়ে কাজল সরকার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। কাজল সরকারের স্ত্রীর নাম মিনা রানী পাল। মিনা নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের সদানন্দ পালের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুলাই মাসে কাজল ও মিনার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী মিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন কাজল।
এর জেরে ওই বছরের ১২ অক্টোবর রাতে মিনাকে গলায় রশি জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে কাজল। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনার লাশ উদ্ধার করে এবং কাজলকে আটক করে।
এ ঘটনায় নিহতের বাবা সদানন্দ পাল বাদী হয়ে কাজল সরকারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত কাজলের বিরুদ্ধে চার্জশিট দেয়। প্রায় দেড় বছর মামলা চলার পর আজ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।


