নিজের তৈরি করা সড়কেই ট্রাক চাপায় প্রকৌশলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের পূবাইল থানার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার এলাকায় কর্মরত প্রকৌশলী শাহদাত হোসেন মুন্না (২৭) ট্রাক চাপায় নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তুরাগ পাম্পের পাশে নিজের তত্ত্বাবধানে তৈরি করা মদনপুর-ভোগরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার অংশেই তার মোটর সাইকেলকে চাপা দেয় ওই ঘাতক ট্রাক। পরে সহকর্মীরা প্রকৌশলী শাহাদাতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যকোলে ঢলে পড়েন তিনি। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহের নান্দাইল থানার রাজগাতি খালপার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।তিনি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কোম্পানিতে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

পূবাইল থানার ওসি কামারুজ্জামান জানান, লাশ হাসপাতালে রয়েছে।আত্মীয়-স্বজনরা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।