নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন বিদেশফেরত যুবক

জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. মহিদুল শেখ (২৫) নামে এক বিদেশফেরত যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামে এ ঘটনা ঘটে।

মহিদুল ওই গ্রামের মৃত কুসেই শেখের ছেলে। তবে কি কারণে তিনি গোপনাঙ্গ কেটেছেন সে ব্যপারে কিছু জানা যায়নি।

মহিদুলের পরিবার সদস্যরা জানান, মহিদুল দীর্ঘদিন সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গত ৩ মাস আগে দেশে আসে। বাড়িতে আসার পরেও তিনি মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মহিদুল তার নিজের ঘরে ডাক-চিৎকার শুরু করেন। এ সময় পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখেন, তিনি নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেলেছে। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটা কি কারণে তার নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেলেছে তা এখনো জানতে পারিনি। তবে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।