নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এরআগে শনিবার রাতেও বোর্ড সদস্যরা অনলাইনে মিটিং করেন। সেখানে মোস্তাফিজকে হুট করে কলকাতা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। কিন্ত তখন মিটিংয়ে অংশগ্রহণকারীরা বুঝেশুনে পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন। আপাতত শক্ত অবস্থানে না যাওয়ার পরামর্শও ছিল কারও কারও।

কিন্তু যখন সরকার অবস্থান স্পষ্ট করেছে, ক্রীড়া উপদেষ্টা শক্তভাবে কথা বলেছেন, তথ্য উপদেষ্টাও ‘চুপ করে থাকবেন না’ বলেছেন, তখন বিসিবিও অনেকটা হার্ডলাইনেই গেলো। যেহেতু মোস্তাফিজকে সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুপন্থিরা নানা ধরণের হুমকি দেয়া হচ্ছিল, তাই পুরো দলের নিরাপত্তা বিবেচনায় আপাতত ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশের খেলাগুলো বিশ্বকাপ আয়োজনকারী আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে জানিয়েছে বিসিবি।

এদিকে, বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত’র। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া জায়গা পাননি জাকের আলী অনিকও।