নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে একটি হোটেল ঘিরে মঙ্গলবার সকালে পুলিশের অভিযানকালে আত্মঘাতী হওয়া জঙ্গি সাইফুল ইসলাম ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ঘিরে হামলার পরিকল্পনা করেছিল।

‘আগস্ট বাইট’ নামের ওই অভিযান শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এক ব্রিফিংয়ে এ কথা জানান।

আইজিপি বলেন, ‘নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। সে খুলনার বিএল কলেজের ছাত্র ছিল। তার বাড়ি ডুমুরিয়ায়। বাবা একটি মসজিদের ইমাম।’

অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে এসে আইজিপি আরো বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিটের কাছে আগে থেকেই তথ্য ছিল যে জাতীয় শোক দিবসে জঙ্গিরা ৩২ নম্বরমুখী মিছিলে আত্মঘাতী হামলা চালাতে পারে। গতকাল থেকে গোয়ন্দারা এই এলাকায় নজরদারি বাড়ায়। রাতে নিশ্চিত হওয়া যায় যে, হোটেল ওলিওতে জঙ্গিরা অবস্থান নিয়েছে। এর পর হোটেল ঘেরাও করা হয়।’

তিনি বলেন, ‘আমরা তাকে (জঙ্গি সাইফুল) আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাতে সে সাড়া দেয়নি। পরে সকালে হোটেলের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় সে গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ ঘটায়। তার ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়। পুলিশ জবাবে পাল্টা গুলি ছোড়ে। ভবনের ভেতরে দুটি সুইসাইড ভেস্ট ও ব্যাকপ্যাক পাওয়া গেছে।’

শহীদুল হক বলেন, ‘আমাদের গোয়েন্দারা তৎপর হওয়ায় এমন বিপদ সামলাতে পেরেছি। তা না হলে জঙ্গি যে শক্তিশালী বোমা বিস্ফারণ করেছিল তা কোনো মিছিলে ঘটলে ভয়াবহ হতো। জঙ্গির বোমায় হোটেলের এক পাশের দেয়াল ও গ্রিল উড়ে গেছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার খুব ভোরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরে পান্থপথের ওই হোটেলে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত সদস্যরা।

সকাল পৌনে ১০টার দিকে চারতলা হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। পরে চতুর্থ তলায় ধ্বংসস্তূপের মধ্যে একজনের লাশ পাওয়া যায়।