নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে নিজের সঙ্গে থাকা বোমা বিস্ফোরণে নিহত যুবক কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে। ধর্মীয় উগ্র মৌলবাদে উদ্বুদ্ধ হয়ে সে এ ধরনের হামলা করেছে বলে ধারণা করছেন র্যাব কর্মকর্তারা।
শুক্রবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ওই যুবক সীমানা পেরিয়ে র্যাব ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘ওই যুবকের সঙ্গে দুটি বোমা ছিল। এর মধ্যে সে একটি বিস্ফোরণ ঘটায়। তার সঙ্গে একটি ব্যাগও ছিল। তবে ব্যাগের ভেতরে কী আছে তা এখনই বলা যাচ্ছে না।’
এদিকে শুক্রবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ওই বোমা বিস্ফোরণে আহত দুই র্যাব সদস্যকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।


