নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার রাতে মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেক গার্মেন্ট শ্রমিক আট লাখ করে টাকা পাবেন। এর মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা এবং কারখানা মালিক পক্ষ থেকে ৩ লাখ টাকা পাবেন।
মঙ্গলবার দুপুরে কারখানা পরিদর্শনে এসে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এবং কারখানার মালিক মো. মহিউদ্দিন ফারুকি এ কথা জানান।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় গার্মেন্ট শ্রমিক যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা ইন্সুরেন্সের জন্য এবং তিন লাখ টাকা অনুদান হিসেবে পাবে। আর যারা আহত হয়েছেন তাদের শ্রেণিভেদ অনুযায়ী (গুরুতর আহত ও কম আহত) চিকিৎসার জন্য সহায়তা করা হবে।
তিনি জানান, শ্রম মন্ত্রণালয়ের ইনপেকশন ডিপার্টম্যান্ট থেকে একজন ডিআইজির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, যারা ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা রেসপনসিবিলিটি আছে। তাদের ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা তারা অবশ্যই বিধান করবেন। কারণ তাদের কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করবে। আর নিরাপত্তার বিষয়টি যদি তাদের কোনো কারণে অবহেলা থাকে? সেটা নিশ্চয় আইনে অ্যালাউ করে না। সরকারও সহ্য করবে না।
এ দিকে কারখানার মালিক মো. মহিউদ্দিন ফারুকি জানান, এ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে তিন লাখ করে টাকা দেওয়া হবে। আর আহত শ্রমিকদের প্রত্যেকের চিকিৎসা ব্যয় বহন করা হবে। এ ছাড়া নিহত পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।
এর আগে গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের লাশ দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়া হয়।
উল্লেখ্য, সোমবার রাত সোয়া ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত এবং অর্ধশত আহত হয়।


