নীলফামারীতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ উঠেছে  সভাপতি ও সুপারের বিরুদ্ধে 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলা কচুকাটা উওর পাড়া দাখিল মাদ্রাসায় নিয়মনীতিকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে।
গত শনিবার (১৩ জানুয়ারি) সকালে সুপার ও সহকারী সুপার ২টি পদে লোক দেখানো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পত্রিকায় যেন খবর প্রকাশ না হয় সেজন্য সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্ঠা করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মতিন।
নামপ্রকাশে অনিচ্ছুক সহকারী সুপার পদ একজন প্রার্থী অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত সুপার ও সভাপতি মোটা অংকের টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে সহকারী সুপার পদে নিয়োগ দেয়। তারা যে পরীক্ষার আয়োজন করেছে তা শুধু লোক দেখানো নিয়োগ পরীক্ষা। এভাবে যদি সকল প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় তাহলে মেধাবীরা কখন চাকুরিতে স্থান পাবে না।
অনিয়ম ও টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিনের কাছে জানতে চাইলে তিনি বলেন সব প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হয়। আমরা বাণিজ্য করলে অসুবিধা কোথায়।
অনিয়ম ও বাণিজ্যের বিষয় ভারপ্রাপ্ত সুপারের কাছে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।
জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বোর্ডের ডিজি প্রতিনিধি মোঃ শাহাজান আলী বলেন, সুপার ও সহকারী সুপার পদে দুইটি পরীক্ষা নেওয়া হয়। সুপার পদে ৪জন ও সহকারী সুপার পদে ৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। সুপার পদে লিখিত পরীক্ষায় কোন পরীক্ষার্থী উত্তীর্ণ  না হওয়ায় বাতিল করা হয়েছে।
অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি বলেন বিষয় টি আমার নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।