নীলফামারী সরকারি শিশু পরিবারে শেখ  রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

আল-আমিন, নীলফামারী: সরকারি শিশু পরিবার (বালক) নীলফামারীতে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। ২০২১ সাল থেকে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হয়েছে।
১৮ই অক্টোবর  দুপুরে নীলফামারী  সরকারি শিশু পরিবার (বালক) এ  শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শিশু পরিবার নিবাসীদের শিশুদের মাঝে উন্নতমানের খাবার দেওয়া হয়।
নীলফামারী শিশু পরিবারে  উপতত্ত্বাবধায়ক হৃদয় হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক।  বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা,  প্রবেশন অফিসার মো: ফরহাদ হোসেন,  দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি।  এই কোমলমতি শিশু রাসেলকে আমরা হারিয়েছি ১৯৭৫ সালের ১৫ আগস্টে ইতিহাসের এক নির্মম, জঘন্য ও বিভীষিকাময় রাতে। সেদিন ঘাতকের বুলেট যে কোমলমতি শিশুটির প্রাণ কেড়ে নিয়েছিল, সে ছিল নির্দোষ-নিষ্পাপ। স্বাধীনতা বিরোধী, ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের হাতে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮জন সদস্য শহীদ হন ঐ কালরাতে। সেদিন ছোট্ট শিশু রাসেলও খুনিদের হাত থেকে রেহাই পায়নি। রাসেল তো বাঁচতে চেয়েছিল। বাঁচার জন্য ঘাতকদের কাছে আকুতি জানিয়েছিল, মায়ের কাছে যাবার কথা বলেছিল। মায়ের কাছে নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের সব উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে ভালবাসার নাম। দেশবাসীর আজ একটাই দাবি বঙ্গবন্ধু ও শিশু রাসেল হত্যাকারীদের যেসব ঘাতক এখনো বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসায় জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শেখ রাসেল। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। দশ বছরের শিশু রাসেল প্রতিদিনের মতো সেদিনও ঘুমিয়েছিল। আকস্মিক গুলির বীভৎসতায় তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গা চোখ নিয়ে সে আতঙ্কিত হয়, চমকে ওঠে। অবস্থা বুঝে বেগম মুজিব তাঁর আদরের দুলাল রাসেলকে রক্ষায় কাজের লোকসহ পেছনের দরজা দিয়ে চলে যেতে বলেন। গেট দিয়ে বাইরে যাওয়ার সময় ঘাতকরা তাকে আটক করে। এ সময় বাড়ির ভেতরে মুহুর্মুহু বুলেটের শব্দ আর বীভৎস আর্তচিৎকার শুনে অবুঝ শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে ঘাতকদের বলেছিল, আমি মায়ের কাছে যাব। কিন্তু এতটুকু মন গলেনি পরাজিত স্বাধীনতা বিরোধী ঘৃণ্য নরপিশাচদের। আগেই বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের পৈশাচিক কায়দায় হত্যা করেছে। মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ঠান্ডা মাথায় একটি সুন্দর ও অবুঝ শিশু শেখ রাসেলকেও গুলি করে হত্যা করে।