সচিবালয় প্রতিবেদক : কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত পিয়েরে লারামির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। আজ কানাডার রাষ্ট্রদূতের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে।’ নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির আদেশ কার্যকর করা হবে বলেও আশা ব্যক্ত করেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায়টি ৮০০ পৃষ্ঠার। রায়টি আগে পড়ব। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।’


