নেছারাবাদে চেয়ারম্যান মিঠুন হালদারের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রতন দাস:পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নেছারাবাদ উপজেলার ৪ নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শেখর সিকদার হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার এর ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা সভাপতিত্বে ও পলাশ বিশ্বাস প্লাবন এর সঞ্চালনায় প্রতিবাদ সভা শুরু হয়।

হত্যার ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি মিঠুন হালদার সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব-৮, গ্রেফতারকৃত অন্যরা হলেন বাবুল হাওলাদার, তাপস মজুমদার, শংকর সরকার, স্বাধীন হালদার, মোঃ বাকি, সুস্ময় হালদার ও জালিস মাহমুদ। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

এসময়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে। আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সবার সাথে কথা বলবো আপনাদের যে দাবি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে।

প্রতিবাদ সভায় প্রত্যক্ষদর্শী মনি রানী সিকদার ও সজল শিকদার প্রয়াত শেখর সিকদার হত্যার লোমহর্ষক কাহিনী বর্ণনা করেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ছরোয়ার, বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ ও ইউপি মেম্বার মুহিত বাহাদুর।