নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের ঘটনায় সালিশ শেষে অভিযুক্ত যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক যুবক উপজেলার সদর ইউনিয়নের মিনকিফান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোজাম্মেল হক (২০)।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে মঙ্গলবার রাতেই দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গত শনিবার দুপুরে মিনকিফান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ জুলাই) দুপুরে কিশোরী বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। পথিমধ্যে ওই গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোজাম্মেল (২০) এর সাথে দেখা হয়। মোজাম্মেল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে সাউন্ডবক্সে গান ছেড়ে কিশোরীকে ধর্ষণ করে। দীর্ঘ সময় অতিবাহিত হলে কিশোরীর পরিবারের লোকজন তাকে খোঁজ করতে বের হলে আশপাশের লোকজনের সহায়তায় মোজাম্মেলের ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে এ ঘটনাটি মীমাংসা করার আশ্বাস দেন অভিযুক্ত যুবকের বাবা আব্দুল খালেক। সর্বশেষ মঙ্গলবার দুপুরে চূড়ান্ত সালিশ বসে। কিন্তু এই শালিস বসার পরেও কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসী মোজাম্মেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে মোজাম্মেল কে আটক করা হয়েছে।
ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। কিশোরীকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি আশ্বাস প্রদান করেন।


