‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম

স্টাফ রিপোর্টার | ঢাকা: ‎রাজধানীর উত্তরা পূর্ব থানার উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) “কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিপুলসংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, শুধু শাস্তি বা বহিষ্কার কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়; বরং নৈতিক শিক্ষা ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, “মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহভীতি অর্জন না করবে, ততক্ষণ কোনো আইন বা শক্তি তাকে অপরাধ থেকে বিরত রাখতে পারবে না।”

‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীতে যোগদানের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে—সহযোগী, কর্মী, অগ্রসর কর্মী এবং পরবর্তীতে রুকন। প্রতিটি ধাপ অতিক্রম করতে নির্ধারিত সিলেবাস অনুসরণ করতে হয়, যেখানে কোরআন-হাদিসের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বিত শিক্ষা অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে একজন আদর্শ নাগরিক গড়ে তোলার চেষ্টা করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমরা অনেকেই কোরআন তিলাওয়াত করি, কিন্তু গবেষণামূলক অধ্যয়ন তুলনামূলক কম করি। এ ধরনের প্রতিযোগিতা কুরআনকে গভীরভাবে বোঝার আগ্রহ সৃষ্টি করবে।”

‎তিনি জানান, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। নৈতিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‎বক্তারা পবিত্র কোরআনের প্রথম নির্দেশনা ‘ইকরা’ (পড়ো)-এর গুরুত্ব তুলে ধরে বলেন, দুনিয়ার জ্ঞানের পাশাপাশি কুরআনের জ্ঞান অর্জন করলে মানুষ দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারে।

‎আয়োজকরা জানান, রমজান মাসে নিবন্ধন কার্যক্রম শুরু হলে প্রায় ৬০০ জন প্রতিযোগী নিবন্ধন করেন, যার মধ্যে প্রায় ৫ শতাধিক প্রতিযোগী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। মাসব্যাপী এ কর্মসূচির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, মহানগরী শূরা সদস্য মাহবুব আলম এবং উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রতিযোগী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রতিবছর ধারাবাহিকভাবে এ ধরনের কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা আয়োজন করা হবে।