নড়াইলের ২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য আগমী ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীর বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক) অভিযোগ দাখিলের জন্য আগমী ৩০ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

পরে আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ফরমাল চার্জ দাখিলে দুই মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩০ জুলাই দিন নির্ধারণ করেছেন।

নাশকতার মামলায় আব্দুল ওহাবকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার ফুলশ্বর গ্রাম থেকে এবং ওমর আলী শেখকে ২০১৬ সালের গত ২ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার বরাশুলা থেকে আটক করা হয়।

এরপর ২০১৬ সালের ৩ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ দুইজনকে আগে থেকেই বিশেষ ক্ষমতা আইনের মামলায় নড়াইলে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মানবতাবিরোধী অপরাধ মামলা স্বার্থে ট্রাইব্যুনালের পরোয়ানা জারির পর তাদেরকে মানবাতাবিরোধী মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

নড়াইলের মুক্তিযোদ্ধাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের সময়ে নড়াইল শহরের পুরাতন লঞ্চঘাটে রাজাকাররা ক্যাম্প স্থাপন কর হয়। শান্তি কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাব ও ওমর অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে জবাই করে লাশ চিত্রা নদীতে ফেলে দিয়েছে।