নয়ন হত্যা : গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

খাগড়াছড়ি : রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দি দেওয়া ব্যক্তিরা হলেন- জুনেল চাকমা (৩৩) ও রুনেল চাকমা (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।

তিনি বলেন, আজ দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে পৃথক পৃথকভাবে জুনেল ও রুনেল চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে শুনেছি। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামি বাবু রাজ চাকমাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ১ জুন খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওইদিন তার ভাই দীন ইসলাম লিটন খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ নয়নের মোবাইলের কল তালিকা অনুসরণ করে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে শুক্রবার জুনেল চাকমা ও রুনেল চাকমাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক গত শনিবার পুলিশ দীঘিনালার মাইনী নদী থেকে নয়নের মোটরসাইকেলটি উদ্ধার করে।