পটুয়াখালীর ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

অন্য ৪ জন হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ২ সদস্যর ট্রাইব্যুনাল এ দিন পুনর্নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আ. সাত্তার পালোয়ান।

গত বছরের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায় বলেন, তাদের সকলের বয়স ষাটোর্ধ্ব।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনো আটজন বীরঙ্গনা জীবিত আছেন।