রাজবাড়ী প্রতিনিধি : বেড়েই চলছে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর তিনটি ইউনিয়নের প্রায় ২৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে পদ্মার পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় পানি বৃদ্ধির গতি কিছুটা কমেছে। ২০ আগস্টের মধ্যে পানি বৃদ্ধির গতি শূন্যে চলে আসবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে স্রোতের বেগ বেড়ে গেছে। যার কারণে ফেরিগুলো চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। ফলে ফেরির ট্রিপ কমে যাওয়ায় যানবাহনের চাপ কিছুটা বেড়ে গেছে।


