নিজস্ব প্রতিবেদক : বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পদ্মাসেতু প্রকল্পের জন্য ৫ হাজার ৫২৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরের (২০১৬-১৭) সংশোধিত এডিপিতে এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৭৪ কোটি ১০ লাখ টাকা। চলতি অর্থবছরের চেয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৮৫০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ বাড়ছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মাসেতুসহ উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০১৭-১৮ অর্থবছর পদ্মাসেতু প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচলের পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্য পূরণ করতে বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত এপ্রিল পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৪১ দশমিক ৫০ শতাংশ। পদ্মাসেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজের অগ্রগতি ৩৭ শতাংশ। অন্যান্য অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে। পদ্মাসেতুর মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ সড়কের কাজ ১০০ শতাংশ, সার্ভিস এরিয়া-২ এর কাজ ১০০ শতাংশ, নদীশাসন কাজ শেষ হয়েছে ৩০ শতাংশ, জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ সড়কের কাজ ৯৫ শতাংশ।


