মোঃ আমিরুল ইসলাম | বিশেষ প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাচেষ্টার এক ভয়াবহ ঘটনায় চাপাতি ও লোহার রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন আলমগীর। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ—প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র প্রকাশ্যে সহিংসতা চালিয়ে এলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর নিজ বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছামাত্র খোকন ও তার সহযোগীরা আগে থেকেই ওঁত পেতে থাকে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ওই চক্র পরিকল্পিতভাবে তার পথরোধ করে এবং কোনো কথা বলার সুযোগ না দিয়েই অতর্কিত হামলা চালায়।
হামলার শুরুতেই অভিযুক্ত খোকন হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে আলমগীরের মাথায় সজোরে কোপ দেয়। এতে তিনি মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন। এরপর হত্যার উদ্দেশ্য নিশ্চিত করতে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে আলমগীরের ডান হাতের কনুইয়ের ওপরে হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আলমগীর মাটিতে লুটিয়ে পড়ার পরও হামলাকারীরা থেমে থাকেনি। অভিযোগ রয়েছে, তারা তাকে গলা চেপে ধরে হত্যার শেষ চেষ্টা চালায়। প্রাণ বাঁচাতে আলমগীর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত আলমগীরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার চিকিৎসা রেজিস্ট্রেশন নম্বর ৭৬৪/৬৪ ও ২৫। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি এখনো শারীরিকভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।
ঘটনার পরও থামেনি হুমকি
এলাকাবাসীর অভিযোগ, এই নৃশংস হামলার পরও খোকন ও তার সহযোগীরা প্রকাশ্যে আলমগীরকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তারা নিজেদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠতার কথা বলে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির জেরে মাথা ফাটানো, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালানো এই চক্রের কাছে এখন ‘স্বাভাবিক ঘটনায়’ পরিণত হয়েছে। অথচ একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তারা আইনের বাইরে থেকে যাচ্ছে—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
এই ঘটনায় এখনো দৃশ্যমান কোনো কঠোর আইনগত পদক্ষেপ না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা বলছেন, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তবে এলাকায় আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং প্রভাবশালী সন্ত্রাসীদের লাগামহীন দৌরাত্ম্যের একটি ভয়াবহ উদাহরণ। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে না পারলে শুধু আলমগীর নয়, পুরো এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


