পরীক্ষা চলাকালে শিক্ষকদের খোশ গল্প এবং নাস্তা খাওয়ার ধুম পরীক্ষা হলের পরিবেশ বিনষ্ট 

ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি : রাত জেগে লেখাপড়া করে প্রস্তুতি নিয়ে সকল শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে যায় একটি ভালো পরীক্ষা দিবে এই আশায়, কিন্তু তাতে যদি বাধাঁ হয়ে দাঁড়ায় স্বয়ং বিভাগের শিক্ষক তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। এমনই এক ঘটনার অভিযোগ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মতিউর রহমান দুখুর লিখিত বক্তব্যের মাধ্যমে, লিখিত অভিযোগে উক্ত শিক্ষার্থী বলেন; ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’
দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চ স্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’
পরীক্ষা চলাকালে শিক্ষকদের নাশতা খাওয়া ও উচ্চ স্বরে হাসাহাসি করার কারণে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়—বলে অভিযোগ করেন দুখু।
দুখুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষকদের কথাবার্তার কারণে তাঁর বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিনের পরীক্ষা ভালো হয়নি বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য ;ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী  জানান মতিউর রহমান দুখু কুমিল্লার ছেলে তাই সে সৎ সাহস নিয়ে যৌক্তিক প্রতিবাদটুকু করেছে, আমরা অনেকেই ভয়ে প্রতিবাদ বা লাইক কমেন্ট শেয়ার করতে পারছিনা। কারণ জানতে চাইলে শিক্ষার্থী মুচকি হেসে বলেন ভাইয়া বিভাগের শিক্ষকের বিরুদ্ধে দাঁড়ালে আমাদেরকে ফেল করিয়ে দিবে!!