নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৭ ফেব্রুয়ারি
পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চাঁনের নেতৃত্বে ঢাকা–১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সারাদিনব্যাপী ৫ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর মিল্লাত ক্যাম্প ইউনিটের প্রতিটি অলিগলি ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগে শহিদুল ইসলাম চাঁনের সমর্থক বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মহিলা দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল।
এ ছাড়া শহিদুল ইসলাম চাঁনের সহধর্মিণী এবং ২০১২ সালে তৎকালীন সরকারের সময়ে গুম হওয়া তার ছোট ভাই শহিদ তরিকুল ইসলাম তারা’র স্ত্রী বেবিও গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বলেন, এলাকাবাসীর মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


