বিশেষ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে দলীয় প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রশাসনকে দলীয়করণ করেছে। তিনি বলেন, নির্বাচনে প্রশাসকদের প্রার্থী হওয়ার সুযোগ রাখা উচিত নয় এবং দলীয় প্রতীকে নয়, নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তিনি।


