পাউবো ডিজিসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে সম্পদ বিবরণী নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক : পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবিরসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সম্পদের নোটিশ দেওয়া হয়েছে। পৃথক পৃথক পাঠানো নোটিশে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দুদক সচিব বরাবর জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন-পাউবোর মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) একেএম মমতাজ উদ্দিন, প্রধান আসামি সুনামগঞ্জ জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী (বরখাস্তকৃত) মো. আফছার উদ্দীন, সিলেট বিভাগের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল ইসলাম সরকার ও প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই।

এ বিষয়ে দুদক সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ায় দুদক থেকে সম্পদ হিসাব চাওয়া হয়েছে। এর আগে হাওড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি মামলার সুপারিশকালে দুদকের অনুসন্ধান টিম কমিশনের কাছে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেওয়ার সুপারিশ করে। কমিশন সবকিছু বিবেচনা করে সম্পদ বিবরণী নোটিশ দেওয়ার অনুমোদন দেয়।

এর মধ্যে সুনামগঞ্জ জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী (বরখাস্তকৃত) মো. আফছার উদ্দীন, সিলেট বিভাগের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল ইসলাম সরকার ও প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই হাওড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ জেলা পাউবোর ১৫ কর্মকর্তা এবং ৪৬ ঠিকাদার ও প্রতিষ্ঠানসহ ৬১ জনকে আসামি করে গত ২ জুলাই করে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার প্রধান আসামি সুনামগঞ্জ জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী (বরখাস্তকৃত) মো. আফছার উদ্দীন বর্তমানে কারাগারে রয়েছেন।