পাকিস্তানকে তিন কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে তিন কোটি ডলারের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির বন্যাদুর্গতদের জন্য এই অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউ এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা হিসেবে তিন কোটি ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি-এর মাধ্যমে দেশটিকে এই সহায়তা দেওয়া হবে।

গত জুন থেকে বৃষ্টিপাতে পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধুসহ কয়েকটি প্রদেশ বন্যায় ভাসছে। প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিধস ঘটছে। নদীর তীব্র স্রোতে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও সেতু। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত তিন কোটি ৩৩ লাখের বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে।