পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে

মানিকগঞ্জ প্রতিনিধি : পদ্মায় স্রোত আর ফেরি স্বল্পতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে গত কয়েকদিন ধরে পাটুরিয়া ঘাটে এসে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহন চালকরা। প্রতিদিনই ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। তা ছাড়া দুটি ফেরি বিকল রয়েছে। ফলে উভয় ঘাটে যানবাহনগুলোকে পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তিনি আরো জানান, ৬টি রো-রো, ৫টি ইউটিলিটি ও ২টি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।