পানি জমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেনে পানি জমে পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রীরা।

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় গিয়ে দেখা যায়, আরশিনগর ফিউচার পার্ক থেকে জোরারগঞ্জ সংযোগ রাস্তার মাথা পর্যন্ত সড়ক পানিতে ডুবে গেছে। প্রায় হাঁটু পরিমাণ পানি জমেছে সড়কে। সড়কের পাশে স্থানীয় শিশু ও যুবকরা খেলা করছে। সড়কে পানি জমায় সৃষ্টি হয়েছে যানজট। চিনকি আস্তানা রেল স্টেশন থেকে মামা ফকিরের আস্তানা পর্যন্ত প্রায় মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয় নিজাম উদ্দিন বলেন, পানি নিষ্কাসনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠায় একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। বুধ ও বৃহস্পতিবারের ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামমুখী যাত্রীবাহী পরিবহন উত্তরা সার্ভিসের চালক নজরুল ইসলাম বলেন, বারইয়ারহাট থেকে বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু এগিয়ে চিনকি আস্তানা এলাকায় গিয়ে দেখি যানজট। প্রায় ৪৫ মিনিট যানজটে থাকার পর সোনাপাহাড় এলাকায় ডুবে থাকা সড়ক পাড়ি দিয়ে মীরসরাই এসে পৌঁছেছি। ২০ মিনিটের পর আসতে সময় লেগেছে প্রায় ১ ঘণ্টা।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার বলেন, সোনাপাহাড় এলাকায় সড়কে পানি উঠায় যানবাহনগুলো একটু ধীর গতিতে চলতে গিয়ে যানজট সৃষ্টি হয়েছে।