পাবনায় ইফতারি খেয়ে ৯ বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেফতার ৩

পাবনায় ইফতার করার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়াসহ তার অধীন আদালতের ৯ বিচারকসহ তাদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন।

এ ঘটনায় শহরের ওই রেস্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলো- শহরের রূপকথা রোডের কাশমেরী হোটেলের স্বত্বাধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহরের কাশমেরি হোটেল থেকে আনা ইফতারি এবং বিরিয়ানি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ৬ জনকে পাবনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা ও ওয়ারেন্ট জারি করা হয়।