জেলা প্রতিবেদকঃ পাবনা আতাইকুলা বাজারে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা(৩২)সহ তিনজনকে আটক করেছে পুলিশ। (১০মে রবিবার) দুপুরে সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের আতাইকুলা থানাধীন বৃহঃপতি বাজারে একই এলাকার সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পাবনা আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম বলেন, আতাইকুলা থানাধীন বৃহঃপুর বাজারে অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে এসেছিলেন ওই ব্যবসায়ী। বাজারের পাশে রমেশের মিষ্টির দোকানের সামনে থেকে ছিনতাইকারীরা অস্ত্রধরে তার কাছ থেকে নগদ প্রায় ৬লক্ষ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ীর চিৎকারে বাজারের আশেপাশের লোকজন এগিয়ে
আসে।
বাজারে টহল পুলিশ ঘটনা স্থলে এলে ছিনতাইকারী দলের বেশ কয়েকজন ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এসময় ছিনতাইয়ের প্রায় ৪লক্ষ টাকাসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধাসহ তিনজনকে আটক করে। রুহুল আমিন মৃধা আতাইকুলা ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের মন্টু মৃধার ছেলে। অন্যদের পরিচয় নিশ্চিত করে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরে তদন্ত করে অইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকাতে সহ-সভাপতি রাকিব বিশ্বাস বলেন, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে অবশ্যই আমরা এর নিন্দা জানাচ্ছি। কোনো অন্যায় কাজকে সমর্থন করে না পাবনা জেলা ছাত্রলীগ। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে অবশ্যই তার বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


