পুবাইলে সম্পত্তির লালসায় চাচাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা

Tongi Hamla

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর পূবাইল ডেমর পাড়া এলাকায় সম্পত্তির লালসায় চাচাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় আপন ভাতিজা। হত্যার চেষ্টা এর এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলা হয়েছে।

Tongi Hamla
মামলা সূত্রে জানা যায়, পূবাইল ডেমর পাড়া এলাকায় বহু জমিজমা ও বাড়ির মালিক নীরেন্দ্র চন্দ্র মন্ডলের বসবাস। সাংসারিক জীবনে তার স্ত্রী, সন্তান কিছুই নেই। জোরপূর্বক তার সম্পত্তি আত্মসাতের লালসায় আপন ভাতিজাসহ পরিবারের লোকজন নীরেন্দ্র চন্দ্র মন্ডলের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ করে আসছিলো। ইতিপূর্বে তারা নীরেন্দ্র চন্দ্র মন্ডলকে হত্যার উদ্দেশ্যে তার উপর একাধিক বার হামলা ও বাড়িঘরে ভাংচুর চালায়। এসব ঘটনায় ভাই ভাতিজাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জয়দেবপুর থানায় ৬ টি মামলা (নং- ১/৪৫, ৪/৮৯, ২/৭, ২/৮৬, ৩/১২, ৯/১০) দায়ের করেন। এরপরও থেমে নেই তারা, সম্পত্তি আত্মসাতের লোভে অন্ধ ও মরিয়া হয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। দুপুর ১ টার দিকে নীরেন্দ্র চন্দ্র মন্ডল বাড়ি থেকে বাজারে রওয়ানা দেন। এসময় পূর্ব শত্রæতা ও বিরোধের জের ধরে ভাতিজা সুবোধ চন্দ্র মন্ডল (৫৭), তার স্ত্রী মঞ্জুরানী মন্ডল (৪২), মেয়ে সেতুরানী মন্ডল (২১), সুস্মিতারানী মন্ডল (১৮) ও খোকন চন্দ্র মন্ডলসহ অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার পথরোধ করে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি লিখে দিতে বলে। এতে সে অসম্মতি জানালে তাদের বেধড়ক মারধর ও চাপাতির কোপে গুরুতর আহত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পরার পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ টাকা, স্বর্নের আংটি ও চেইন লুটে নেয়। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসি এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় নীরেন্দ্র চন্দ্র মন্ডল বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামী করে পূবাইল থানায় একটি মামলা (নং ৭/৯৩) দায়ের করে। পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে না পরায় প্রতিমূহুর্তে আশঙ্কা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অসহায় নীরেন্দ্র চন্দ্র মন্ডল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।