পুলিশের গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলা ও সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি-নির্বাচন বানচালের ষড়যন্ত্র চেষ্টার প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপর যে হামলা হয়েছে তা নিন্দনীয়। তারা আইনের শাসনকে বিশ্বাস করে না। বিএনপি নেতারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন। যে ঘটনা ঘটিয়েছে তা ক্ষমার অযোগ্য। ষড়যন্ত্রকারীরা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বক্তারা আরও বলেন, ৭১ ও ৭৫ এর দোসররা নির্বাচন বানচালে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। তারা দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। অপরদিকে শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তার ১৬ ভাগের একভাগও করতে পারেনি এর আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বর প্রতি আস্থা রাখতে হবে, উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নাট্যশিল্পী রোকেয়া প্রাচী, যুগ্ম সম্পাদক নাট্যশিল্পী শমী কায়সার, জোটের কেন্দ্রীয় নেতা এস.ডি রুবেল, কণ্ঠশিল্পী রফিকুল আলম, কণ্ঠশিল্পী জানে আলম প্রমুখ।