সি.পি ইনভেস্টিগেশন এজেন্সিঃ রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়ক সংলগ্ন একাধিক আবাসিক হোটেলে প্রকাশ্যে দেহ ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে অবস্থিত হোটেল গ্রীন গার্ডেন, হোটেল রংধনু ও হোটেল প্রাইম ইনসহ কয়েকটি আবাসিক হোটেলে গোপনে দেহ ব্যবসা চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সন্দেহজনক ভিজিটিং কার্ড, যেখানে বিভিন্ন নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা থাকে।
স্থানীয়দের অভিযোগ, এসব নম্বরে ফোন করলে দেহ ব্যবসা সংক্রান্ত কথোপকথন পাওয়া যায় এবং খুব সহজেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। এতে বিশেষ করে স্কুল -কলেজগামী শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
এলাকাবাসী ও কয়েকজন দোকানদারের ভাষ্যমতে, এই অবৈধ ব্যবসা পরিচালনায় একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। অভিযোগ রয়েছে—স্থানীয় প্রভাবশালী মহল, কিছু অসাধু ব্যক্তি এবং বিভিন্ন পেশার লোকজনকে নিয়মিত মাসোহারা দিয়েই নির্বিঘ্নে এই কার্যক্রম চালানো হচ্ছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি গত ২৯/০৩/২০২৬ তারিখে থানায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে আপনারা যেহেতু অবহিত করেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
অন্যদিকে একই বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অবৈধ কার্যক্রম শুধু আইনশৃঙ্খলার জন্য হুমকি নয়, বরং তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়ায়। তাই দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের এই ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুসন্ধান চলমান…


