পূর্ণাঙ্গ রায় পেলে করণীয় নির্ধারণ

সচিবালয় প্রতিবেদক : বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিচারপতিদের অপসারণে সামরিক সরকারের করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে আদালত কেন সাংঘর্ষিক মনে করছেন না তা আমার বোধগম্য নয়। বিচারপতি অপসারণের বিষয়ে সংসদের হাতে যে ক্ষমতা ছিল সেটি ১৯৭২ সালের মূল সংবিধানের অন্তর্ভুক্ত। আজ আপিল বিভাগ একটি সংক্ষিপ্ত আদেশ দিয়ে আমাদের আপিল খারিজ করে দিয়েছেন। আমরা পূর্ণাঙ্গ রায় পাইনি। রায় পেলে আমাদের করণীয় নির্ধারণ করব।

পৃথিবীর অন্যান্য দেশে বিচারপতি অপসারণের পদ্ধতি কী? জানতে চাইলে তিনি বলেন, সব গণতান্ত্রিক দেশেই বিচারপতি অপসারণের ক্ষমতা যার কাছে আছে আমরা সেটিই প্রবর্তন করেছিলাম। আমাদের এখানে সেটিই হবে।

আপনারা যেটি করতে চাচ্ছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা সাংঘর্ষিক হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংঘর্ষিক হবে না। তবে ভিন্ন কিছু একটা হবে। পূর্ণাঙ্গ রায় পেলেই করণীয় চূড়ান্ত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। রায় পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।