বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মাংস বিক্রির উদ্দেশ্যে ৯টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে আরও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৭ মার্চ) ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি চক্র ওই প্লটে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্লটের মালিক ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯টি জবাই করা ঘোড়া এবং আরও ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করে।
উদ্ধার হওয়া জীবিত ঘোড়াগুলোর মধ্যে একটি শাবক রয়েছে।
ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।উপজেলা প্রশাসনের নির্দেশে জবাই করা ঘোড়াগুলোর মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জীবিত ঘোড়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।


