নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক পোশাককর্মীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- সুমার আলী ও আবুল কালাম।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালে ১৩ এপ্রিলে এক নারী পোশাককর্মী ছুটিতে ঢাকা থেকে জামালপুরে বাড়ি যাওয়ার উদ্দেশে রাত ১১টার দিকে মুক্তাগাছা সদরে পৌঁছালে সুমার আলী এবং আবুল কালাম তাকে জোর করে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে সিএনজি অটোরিকশায় করে চেচুয়া বাজারে নিয়ে ফেলে চলে যায়। এরপর ওই নারী নিজে মুক্তাগাছা থানায় অভিযোগ করলে তার ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের আলামত পায় পুলিশ। এরপর ১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামি সুমার আলী ও আবুল কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছে।
এ ছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


