প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসবেন বাইডেন-জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দীর্ঘ ফোনালাপকালে এ ব্যাপারে একমত হন তারা। খবর এএফপি ও আল-জাজিরার।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রায় দেড় বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ফোনালাপকালে বাইডেন ও জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এবং এ ব্যাপারে একমতও হয়েছেন তারা।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন-বেইজিংয়ের তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও জিনপিং। ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে চলা ওই ফোনালাপে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘আগুন নিয়ে না খেলা’র হুঁশিয়ার দেন চীনা প্রেসিডেন্ট। বলেন, ‘যারা আগুন নিয়ে খেলে তারা কেবলই পুড়ে যাবে। (আমরা) আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পারছে।’

দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানায়, মার্কিন প্রেসিডেন্টকে জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘এক-চীন নীতি’ মেনে চলা উচিত। আর তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে চীন যে ঘোর বিরোধী এবং তারা তাইওয়ানে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপও মানতে নারাজ সে কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।