প্রথম অ্যাশেজে সহজেই জিতে গেল অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক: ব্রিসবেনে প্রথম দিন থেকেই পিছিয়ে ছিল সফরকারী দল ইংল্যান্ড। তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল রুট আর মালানের ব্যাট। তবে চতুর্থ দিনের প্রথম সেশনে অজিদের বোলিং তাণ্ডবে গুঁড়িয়ে যায় ইংল্যান্ড। পেছনে পড়ে যাওয়া ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে একদিন হাতে রেখেই অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। এর ফলে অ্যাশেজে প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াদের বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে গুঁড়িয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্সের সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই। প্রথম ইনিংসে কামিন্স পাঁচটি এবং মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড দুটি উইকেট শিকার করেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার।

ইংল্যান্ডের করা ১৪৭ রানের বিপরীতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে পাহাড়সম রান করে। মার্কাস হ্যারিস শুরুতেই সাজঘরে ফিরলেও অজিদের বড় রানের ভিত গড়ে দেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানে। ওয়ার্নার শতকের খুব কাছে গিয়ে ৯৪ রানে আউট হন।

এরপর মিডল অর্ডারে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ১৫২ রান করেন ট্রেভিস হেড। উডের বলে বোল্ড হওয়ার আগে হেড হাঁকান ১৪টি চার ও চারটি ছক্কা। তার দেড়শ’ রানের ইনিংসের ওপর ভর করে ৪২৫ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়া লিড পায় ২৭৮ রানের।

তৃতীয় দিনে ইংলিশরা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ২২০ রান। শতকের স্বপ্ন দেখছিলেন মালান ও রুট। তবে চতুর্থ দিন সকালের শুরুটা মালান ও রুটের পক্ষে কথা বলেনি। সকালে দলের খাতায় মাত্র তিন রান যোগ হতেই নাথান লায়নের শিকার হন মালান। এই বাঁহাতি ব্যাটারকে শিকার করে টেস্টে ১৭তম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেটের দেখা পান লায়ন। ১০১টি টেস্ট ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। মালান বিদায় নেন ১৯৫ বলে ৮২ রান করে।

অধিনায়ক রুটও শতক হাতছাড়া করেন। তাকে থামান ক্যামেরন গ্রিন। ১৬৫ বলে ৮৯ রান করে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন রুট। এরপর ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারলে ২৯৩ রানে অল আউট হয় ইংল্যান্ড। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২০ রান।

চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামতে পারেননি ডেভিড ওয়ার্নার। মার্কাস হ্যারিসের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন অ্যালেক্স ক্যারি। ২৩ বলে ৯ রান করে ক্যারি আউট হলেও লাবুশানেকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন হ্যারিস।