প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ডোমারে ছাত্রলীগের বিক্ষোভ

মোঃ নাজমুল আলম, ডোমার (নীলফামারী): রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
সোমবার (২২শে মে) সকাল ১১টায় ডোমার সরকারি কলেজের ছাত্রলীগ চত্বর থেকে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগ চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমান, সহ-সভাপতি রাহাত ইসলাম ছোটন, দ্বাদশ শ্রেণি শাখার সভাপতি বাঁধন রহমান, সাধারণ সম্পাদক কাওছার ইসলাম প্রমূখ সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
প্রতিবাদ সভায় অভিযুক্ত বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সন্ত্রাসী বাংলা ভাইয়ের সহযোগী দাবী করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।