প্রধানমন্ত্রীর ‘অভিমান’কে ‘দুঃখজনক’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ওপর প্রধানমন্ত্রীর ‘অভিমান’কে ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার সময় একটি লিখিত বিবৃতিতে বলে গেছেন, প্রধানমন্ত্রী তার ওপর অভিমান করেছেন। এটা দুঃখজনক।’

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অভিমান ভুলে বিচার বিভাগকে রক্ষায় এগিয়ে আসুন। দেশবাসীকে বাঁচান। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হোন। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন।’

সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘প্রধান বিচারপতি অনেক কথা বলে গেছেন। আমরা সাধারণ আইনজীবীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধান ও আইনের শাসনকে রক্ষা করতে হলে, স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি যাওয়ার সময় বলে গেলেন তিনি সুস্থ। অন্যদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বললেন তিনি অসুস্থ। একটি তদন্ত কমিশন করে এ বিষয়টির সুরাহা করা দরকার।’

দেশের বিচার বিভাগকে রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, আর প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান। বিচার বিভাগকে রক্ষায় আপনারা এগিয়ে আসুন।’

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত ২ অক্টোবর প্রধান বিচারপতির ছুটির চিঠিতে বলা হয়েছে, তিনি অসুস্থ। কিন্তু গতকাল (শুক্রবার রাতে) যাওয়ার সময় তিনি বললেন, তিনি সুস্থ। এ ধরনের মিথ্যাচার করে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল শপথ ভঙ্গ করেছেন।’

এদিকে এই সংবাদ সম্মেলনের তীব্র বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সহসভাপতি মোহাম্মদ ওয়াজিউল্লার নেতৃত্বে বারের সরকারসমর্থিত আইনজীবীরা। অপর এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন, সুপ্রিম কোর্ট বারের সিদ্ধান্ত ছাড়াই বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা সংবাদ সম্মেলন করেছেন। প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন বলেও এ সময় উল্লেখ করেন তারা।

প্রসঙ্গত, ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে একটি লিখিত বিবৃতি দেন। ওই বিবৃতিতে তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল আমার রায়কে ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন, যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।’