প্রধানমন্ত্রীর দপ্তরে এতিম তহবিল বলে কোনো তহবিল ছিল না

নিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রীর দপ্তরে এতিম তহবিল বলে কোনো তহবিল ছিল না।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনে এ কথা বলেছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।

মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনে এ কথা বলেন রেজ্জাক খান। তবে এ দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক আগামীকাল বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানির দিন ধার্য রয়েছে।

এদিকে দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে এজলাসে প্রবেশ করেন। বেলা ১১টা ২৯ মিনিটের দিকে বিচারক এজলাসে প্রবেশের পর অনুমতি নিয়ে তিনি নির্ধারিত আসন গ্রহণ করেন। এরপরই খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়।

বাদীপক্ষের সাক্ষীদের জবানবন্দি, জেরা ও উচ্চ আদালতের রেফারেন্স উল্লেখ করে যুক্তিতর্কে আবদুর রেজ্জাক খান বলেন, ‘এই মামলা হল সোনালী ব্যাংক করপোরেট শাখায় একটি বিদেশি অনুদান সম্পর্কে। মূল ডিমান্ড ড্রাফ্ট (ডিডি) সৌদি আরব থেকে এসেছে। সোনালী ব্যাংকের একটি ডকুমেন্টও এক্সিবিউট (প্রদর্শন) হয়নি। আমরা সকল সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করেছি যে, প্রধানমন্ত্রীর দপ্তরে এতিম তহবিল বলে কোনো তহবিল ছিল না। আবার সাক্ষীরা বলেছেন, মূল ফাইল তারা কখনো চোখে দেখেননি। সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, দুদক কর্মকর্তা এ সংক্রান্ত কাগজপত্র চেয়েছিল। কিন্তু তা নেই বলে দুদকের তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন তারা। সোনালী ব্যাংকের একজন সাক্ষীও বলেননি, খালেদা জিয়া ওই অ্যাকাউন্ট খুলেছেন অথবা তিনি ওই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করেছেন। খালেদা জিয়া টাকার ধারেও কাছেও নাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিরাট অর্গানোগ্রাম আছে। তার সময় (খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন) সেখানে সচিব পর্যায়ের, মুখ্য সচিব পর্যায়ের ১৫ জন পরিচালক ছিলেন। তাদের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আসেনি যে, এই টাকা প্রধানমন্ত্রীর দপ্তরে এতিম তহবিলে রাষ্ট্রীয় পর্যায়ে বা অন্য কোনো স্থান থেকে এসেছে। প্রধানমন্ত্রী (প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া) ক্ষমতার অপব্যবহার করেছেন। এটা কোনো সাক্ষী বলেননি। প্রধানমন্ত্রীর অফিসের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা অন্য কোনো দালিলিক-প্রামাণিক কোনো কিছুই প্রমাণ করতে পারেনি দুদক প্রসিকিউশন। তিনি পারিবারিক ঠিকানা ব্যবহার করেছেন, আর এটাই কি ক্ষমতার অপব্যবহার হলো?’

তিনি আরো বলেন, ‘এ মামলার চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্ট ও পরে আপিলে গিয়েছিলাম। মামলার যে চার্জ তৈরি করা হয়েছে, তা টাইপ অব অকারেন্স ও সময়ের বাইরে গিয়ে চার্জ গঠন করা হয়েছে। এ মামলার এফআইআর ও চার্জশিটে ঘটনাস্থল ও সময় ভিন্ন ভিন্ন।’

আব্দুর রেজ্জাক খান বলেন, ‘একই ধারাবাহিকতায় যদি একই অপরাধ হয়ে থাকে, তাহলে তাদের একসঙ্গে বিচার হতে পারে। এই মামলায় খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ভিত্তিহীন। তাদের কাউকেই খালেদা জিয়া চেনেন না। কোনো সাক্ষীও বলেননি যে খালেদা জিয়ার সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল।’

এদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালতে মামলার কার্যক্রম চলে। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এক ঘণ্টার জন্য বিরতিতে যান আদালত।

এরপর আদালতের ভেতরেই ছোট্ট একটি রুমে বিশ্রাম নেন খালেদা জিয়া। মহিলা দলের সভাপতি আফরোজ্জা আব্বাস বলেন, ‘বিরতির সময় খালেদা জিয়া জোহরের নামাজ আদায় করেন। এরপর তিনি এক গ্লাস পানি পান করেন। এ ছাড়া তিনি এক কাপ রঙ চা পান করেছেন। অন্য কোনো খাবার তিনি খাননি।’

বিরতি শেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফের আদালতের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় কোনো সারবক্তা নাই। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মামলা। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য নাই। তিনি এ ট্রাস্টের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন তাও প্রমাণিত নয়। আমরা আশা করছি, এ মামলায় তিনি খালাস পাবেন। আদালতে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারা কেউই বলেননি যে, খালেদা জিয়া এ মামলার সঙ্গে সম্পৃক্ত।’

এদিকে খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে এদিনও আদালতে চত্বরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আদালতে প্রবেশমুখেই ছিল আর্চওয়ে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিন আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস প্রমুখ। এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মো. মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

এতিমদের জন্য বিদেশি থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।