প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জুন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ জুন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

কিন্ত এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ইন্সপেক্টর মাহবুবুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেন।

গত বছর ২০ ডিসেম্বর বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। দণ্ডবিধির ১০৯, ১১৮, ১২০(খ), ২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়। ২১ ডিসেম্বর মামলার এজাহার আদালতে আসলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক এবং জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম।

প্রসঙ্গত, গত বছর ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরিতে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হলেও পরে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। এ ঘটনায় দুই দফায় বর্তমান মামলার এই নয় আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়।